বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শুক্রবার সকালে পৌরসভার ১৮নং ওয়ার্ডের মুগলিশপুর ও ফুলবাড়ী এলাকায় গণসংযোগ করেছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন, ১৮নং ওয়ার্ড আমীর ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আরিফুর রহমান শুভ, ২নং ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা রেজাউল করিম রেজা, আসাদুল হক, শ্রমিক নেতা সুমন প্রাং, স্বপন মিয়া, হযরত আলীসহ অন্যরা।


মুগলিশপুর পূজামণ্ডপ এলাকায় পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, “বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি নাগরিক—এ দেশে কোনো সংখ্যালঘু নেই। দেশটিকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে চাই। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের নেতাকর্মীরা আপনাদের পূজামণ্ডপ পাহারায় নিয়োজিত ছিল।”


এরপর বিকেলে তিনি সাবগ্রাম হাটে এবং পরে ফুলবাড়ী দখিনপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।


আমতলা মোড়ে এক পথসভায় বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। একবার সুযোগ দিন—আমরা সন্ত্রাস, চাঁদাবাজি করবো না, কাউকে করতেও দেব না।”


পথসভা শেষে ১৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আমতলা মোড়ে একটি টিউবওয়েল স্থাপন করে এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়।

পরে বিকেলের দিকে আবিদুর রহমান সোহেল শেখেরকোলা ইউনিয়নের বাঘোপাড়া পূর্ব এলাকায় আরও গণসংযোগ করেন।